ফুলবাড়ীয়ায় ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ধুরধুরিয়া এলাকায় ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) ধুরধুরিয়া আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মিলনমেলায় প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষিত ও সচেতন তরুণরাই আগামী দিনের সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে সংগঠনটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বৃক্ষরোপণ কর্মসূচি, মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম, ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।
বর্তমানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৮০ জনেরও বেশি শিক্ষার্থী সংগঠনটির সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। সংগঠনটির পরিচালক সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ মাশরাফি।
অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যরা ভবিষ্যতেও শিক্ষার্থী ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।