Logo
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬
mhpress24.com
QR Code
খবরটি পড়তে স্ক্যান করুন

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪ জন হাসপাতালে ভর্তি

এমএইচ ডেস্ক

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কেউ মারা যাননি।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৮৩ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৫ জন। এর মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ১ শতাংশ নারী। এই বছর ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।